ফাইনালের আগে লামিন ইয়ামালকে নিয়ে মুখ খুললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আবারও আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের প্রায় দুই দশক আগের একটি ছবি। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ফটোশুটে পাঁচ মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন মেসি। এবার বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়ার আগে সেই ছবি নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ৩৯ বছর বয়সী মেসির সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ, আর ১৯ বছর বয়সী ইয়ামাল চাইছেন স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করতে।

ফাইনালের আগে নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেসি বলেন, “সত্যি বলতে, ছবিটা একেবারে অবিশ্বাস্য। তখন ও ছিল ছোট্ট একটি শিশু, আমরা একসঙ্গে একটি ছবি তুলেছিলাম। আর আজ আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটাই জীবন।”

স্পেনের তরুণ তারকার প্রশংসা করে মেসি বলেন, “লামিন অসাধারণ প্রতিভাবান। আমি ওকে নিয়মিত অনুসরণ করি, কারণ ও এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছে। ওর সামনে ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যেন এবার সেটা ও করতে না পারে।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি ওর সাফল্য কামনা করি, কারণ ওর ভালো করা মানেই বার্সেলোনার ভালো করা। আর সত্যি বলতে, ওই ছবিটা আজও আমার কাছে অবিশ্বাস্য মনে হয়।”

মেসি ও ইয়ামালের সেই ছবি নতুন করে আলোচনায় আসে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে। সে সময় ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন।

ছবিগুলোর আলোকচিত্রী জোয়ান মনফোর্ট জানান, ইউনিসেফ ও স্থানীয় সংবাদপত্র দিয়ারিও স্পোর্ট-এর যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ২০০৭ সালে ছবিগুলো তোলা হয়েছিল।