অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে প্রকাশিত নতুন প্রতিবেদনে জানা গেছে, এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না এই মহাতারকা। বরং দলের মসৃণ রূপান্তর নিশ্চিত করতে আরও কয়েক মাস আর্জেন্টিনার জার্সিতে খেলবেন তিনি। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেবেন।

প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সী মেসির আর কোনো বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই। ২০২৬ বিশ্বকাপই ছিল আর্জেন্টিনার হয়ে তার শেষ বিশ্বকাপ। তবে হঠাৎ করেই জাতীয় দল ছাড়তে চান না তিনি। নতুন প্রজন্মের ফুটবলারদের জাতীয় দলে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করছে। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এএফএ। এর মাধ্যমে ভক্তদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।

২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন মেসি। ৩৯ বছর বয়সেও পুরো টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তার নেতৃত্বেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায়।

ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি মেসি। তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা থাকবে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির ক্যারিয়ার ছিল সাফল্য ও সংগ্রামের এক অনন্য গল্প। সমালোচনা আর একের পর এক ফাইনাল হার পেরিয়ে তার নেতৃত্বেই আর্জেন্টিনা জিতেছে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলে নিজের কিংবদন্তি অধ্যায়ে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করেছেন তিনি।