শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপসেরা বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব দাপটের সঙ্গে শেষ করল বাংলাদেশ।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। জয়ের নায়ক হামজা চৌধুরী, যিনি একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলের সূচনাও করেছেন।

সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত ছিল বাংলাদেশের। তাই ম্যাচটি ছিল মূলত গ্রুপসেরা হওয়ার লড়াই। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ে দলের খেলায় ছন্দের ঘাটতি চোখে পড়েছিল। তবে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় হামজা-জামালদের।

এই ম্যাচে হামজাকে তার চেনা ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকা থেকে সরিয়ে আক্রমণভাগের মাঝখানে খেলানো হয়। আর স্ট্রাইকারের দায়িত্বে ছিলেন ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম। কৌশলগত এই পরিবর্তন শুরু থেকেই কাজে দেয়।

ম্যাচের শুরুতে ফ্রি-কিক থেকে হামজার শট লক্ষ্যে না থাকলেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ডান প্রান্ত থেকে হামজার ক্রস ঠিকমতো ধরতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। আলগা বলে সামিত সোমের প্রথম শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও দ্বিতীয় চেষ্টায় জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয় গোলটি হামজার নিজের। ইব্রাহিমের পাস বক্সে নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি, এরপর এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করে জোরালো শটে বল পাঠান জালে। জাতীয় দলের হয়ে এটি হামজার পঞ্চম গোল।

ব্যবধান কমাতে শ্রীলঙ্কা কয়েকবার আক্রমণে উঠলেও বাংলাদেশের রক্ষণ ছিল অটল। বিশেষ করে ডিফেন্ডার জিদান ইফসুফ ছিলেন দুর্দান্ত।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটি আসে ফারহান আলী ওয়াহিদের পা থেকে। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি, গ্যালারিতে তখন উল্লাসের ঢেউ।

তিন গোলে এগিয়ে থেকেও আক্রমণে লাগাম টানেনি বাংলাদেশ। পাল্টা আক্রমণে বারবার শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি করে তারা। এমনই এক আক্রমণে গোলরক্ষককে একা পেয়ে তার মাথার ওপর দিয়ে চিপ করে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন।

এই জয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে যাচ্ছে বাংলাদেশ। নকআউট পর্বের আগে এমন দাপুটে পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।