আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের ফ্যামিলি প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার।
সোমবার (২২ আগস্ট) আবুধাবিতে অনুষ্ঠিত ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করেন তারা।
গ্র্যান্ডমাস্টার জিয়া ফ্যামিলি প্রথম রাউন্ডে ভারতের কাঞ্চনা দেবী ফ্যামিলিকে ২-০ গেম পয়েন্টে হারান, দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনের আবুসিজো আরমেল ফ্যামিলিকে ১.৫-০.৫ গেম পয়েন্টে হারান ও তৃতীয় রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ফিলিপাইনের রিয়েস ডেনিলোর ফ্যামিলিকে হারান।
চতুর্থ রাউন্ডে তারা পেরুর গ্র্যান্ডমাস্টার কাস্তানেদা গিওরগিইর ফ্যামিলিকে ১.৫-০.৫ গেম পয়েন্টে হারান, পঞ্চম রাউন্ডে উজবেকিস্তানের মানসুরভ বোতির ফ্যামিলিকে ২-০ গেম পয়েন্টে হারান, ষষ্ঠ রাউন্ডে মরক্কোর আন্তর্জাতিক মাস্টার তিসির মোহাম্মদ ফ্যামিলিকে ১.৫-০.৫ গেম পয়েন্টে ও সপ্তম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের দিনেশ চিটলাঙ্গে ফ্যামিলিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।
এছাড়া একই সঙ্গে চলা মাস্টার্স ইভেন্টের পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৫ খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তিন পয়েন্ট করে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দুই পয়েন্ট ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এক পয়েন্ট অর্জন করেছেন।