Tuesday, September 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ, কবে খেলবে বাংলাদেশ?

আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্ববৃহৎ আসর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ান ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতা ‘সাফ চ্যাম্পিয়নশিপ’। আজ প্রকাশিত আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্ববৃহৎ আসর। তবে নেপালের অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর চূড়ান্ত ও সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। 

সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। ‎দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শুরুর সময় রাত ৮টা।

এবারের আসরে বাংলাদেশ ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে তাদের সাথে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। অপরদিকে ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে তিন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ - ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে শেষ চারে। আগামী ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে বাংলাদেশের গ্রুপ এখনও চূড়ান্ত নয়। নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বরের মধ্যে উঠে গেলে তারা বাংলাদেশের গ্রুপে যোগ দিতে পারে। সেক্ষেত্রে সূচিতে পরিবর্তন আসবে। 

এর আগে, ২০১৮ সালে বাংলাদেশ সর্বশেষ সাফের স্বাগতিক হয়েছিল। ঘরের মাঠের পরিচিত পরিবেশ ও দর্শক সমর্থনকে কাজে লাগিয়ে ভালো ফল করতে মরিয়া স্বাগতিকরা।

উল্লেখ্য, বাংলাদেশ এ পর্যন্ত মাত্র একবারই সাফের শিরোপা জিতেছে। ২০০৩ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত আসরেই লাল-সবুজ দল প্রথম ও শেষবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।

   

About

Popular Links

x