বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে আর্লিং হাল্যান্ড কিংবা কিলিয়ান এমবাপের মতো শীর্ষ ফুটবলারদের দলে ভেড়ানোর মতো আর্থিক সক্ষমতা নেই বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ।
তিনি বলেছেন, “হাল্যান্ড ও এমবাপের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের ক্ষমতা বার্সেলোনার নেই।”
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ফিলিপ কৌতিনহো, আন্তোয়ান গ্রিজম্যান এবং উসমান ডেম্বেলেকে আনতে অতিরিক্ত টাকা খরচ হয়েছিল বার্সার। কিন্তু ক্লাবের বর্তমান আর্থিক সমস্যার মধ্যে তাদের ক্লাব ছাড়ার সম্ভাবনা কম।
যদিও জানুয়ারির শীতকালীন দলবদলে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর ব্যাপারে আশাবাদী জাভি। তবে হাল্যান্ড কিংবা এমবাপের মতো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবেন কি না এমন প্রশ্নে তিনি বলেছেন, “আমাদের ক্লাবে এখন যারা আছে তাদের নিয়েই ভাবতে হবে। আমরা এখন ওই মাপের খেলোয়াড়কে নিয়ে ভাবতে পারছি না।”
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) লাস পালমাসের বিপক্ষে লা লিগার ম্যাচ সামনে রেখে সাংবাদিকদের এসব কথা বলেন জাভি।
তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, আমরা তাদের নেওয়ার মতো আর্থিক অবস্থানে নেই। দলে এখন যারা আছে তাদের নিয়েই আমাকে খেলতে হবে, জিততে হবে।”
তিনি বলেন, “আমাদের শিরোপা জিততে হবে এবং আমাদের ভালো খেলতে হবে।”
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। টেবিলে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে জাভির দল। যদিও রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে।