বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল থেকে দ্রুতই মূল দলে জায়গা করে নিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। তার এই প্রতিভায় আস্থা রেখে ক্লাবের পক্ষ থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি বাড়ানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর সভাপতি জোয়ান লাপোর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন হামজা।
চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে ধারে বার্সেলোনায় যোগ দেওয়া ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড যুব দলের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পান। পরবর্তীতে মাত্র ৬টি লিগ ম্যাচে ৯ গোল করে এবং এক ম্যাচে হ্যাটট্রিক হাঁকিয়ে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
যুব দলে তার এমন অসাধারণ পারফরম্যান্স দেখে প্রাক-মৌসুম প্রস্তুতিতেই তাকে প্রথম দলের সাথে যুক্ত করেন কোচ হান্সি ফ্লিক। প্রস্তুতি ম্যাচে দলের সর্বোচ্চ ৪টি গোল করে নিজের যোগ্যতা প্রমাণ করার পর গত ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে ক্যাম্প ন্যুতে প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনার হয়ে মূল দলে অভিষেক হয় তার।



