নির্ধারিত সময়ে উরুগুয়েকে গোল শূন্য ব্যবধানে আটকে রাখতে পারলেও শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফলাফল থাকে গোলশূন্য। ফলে কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।
সাধারণত বড় টুর্নামেন্টগুলোর নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময় শেষে সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায়। তবে কোপা আমেরিকা তার পুরোনো নিয়ম এবারও ধরে রেখেছে। ১৫ জুলাইয়ের ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত ছিল না।
কোপা আমেরিকা ২০২৪-এর রেগুলেশনসে বলা হয়েছে, ফাইনালে ৯০ মিনিট শেষে যদি স্কোর সমান থাকে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। অতিরিক্ত সময় হবে ৩০ মিনিট এবং দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এরপরও সমতা থাকলে পেনাল্টি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হবে। তবে নকআউট পর্বের অন্য ম্যাচগুলোতে (কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী) কোনো অতিরিক্ত সময় থাকবে না। ৯০ মিনিট শেষে সমতা থাকলেই ম্যাচ পেনাল্টি শুটআউটে চলে যাবে।