তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে জিতল উরুগুয়ে

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিল উরুগুয়ে ও কানাডা। রবিবার (১৩ জুলাই) নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে টাইব্রেকারে কানাডাকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

প্রথমবার কোপায় খেলতে নেমেই দারুণ চমক দেখিয়েছে কানাডা, সেমিফাইনালে সেই স্বপ্নযাত্রা শেষ হয় আর্জেন্টিনার কাছে হেরে।

তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে শুরুটা ভালোই করেছিল উরুগুয়ের। ম্যাচের ৮ মিনিটেই রদ্রিগো বেনতাঙ্কুরের গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচে ফিরতে মরিয়া ছিল কানাডা। উরুগুয়ের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে তারা। হারানোর তেমন কিছু না থাকায় দুই দলই এ দিন আক্রমণাত্মক খেলার চেষ্টার করে। এর মধ্যে ম্যাচের ২২ মিনিটে ইসমাইল কোনের অসাধারণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে কানাডা।

এরপর আক্রমণ আর প্রতি-আক্রমণে দুই দলই চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত গোল পায়নি কোনো দলই। ৮০ মিনিটের মাথায় জোনাথন ডেভিডের গোল ইতিহাস গড়ার স্বপ্ন দেখায় কানাডাকে। কিন্তু সুয়ারেজের গোলে উড়ে যায় সেই স্বপ্ন।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জোসে মারিয়া হিমেনেজের দেওয়া পাসে বল জালে জড়িয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচে আনলেন ২-২ গোলের সমতা।

প্রায় হারতে বসা ম্যাচকে এই গোলে সুয়ারেজ নিয়ে গেলেন টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষার সেই লড়াইয়ে কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিস পেনাল্টি মিস করলেও উরুগুয়ে সবগুলো শটই জালে জড়িয়েছে। যেখানে শেষ শটটি নিয়েছেন সুয়ারেজই। আর কানাডার বিপক্ষে উরুগুয়ে জিতেছে ৪-৩ গোলে। এ জয়ে তৃতীয় হয়েই কোপা আমেরিকা অভিযান শেষ করল মার্সেলো বিয়েলসার দল।