ঘরের মাঠে পরপর দুই ম্যাচ হারের পর জয়ে ফিরতে শিষ্যদের যে তাগিদ দিয়েছিলেন কার্লো আনচেলত্তি, তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই যেন দুর্বার ফুটবল খেলল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। আর তাদের নৈপুণ্য ও ক্ষিপ্র ফুটবলে ভেসে গেল ওসাসুনা।
শনিবার (৯ নভেম্বর) সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এ দিন চমৎকার এক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ভিনিসিয়াস। আর মৌসুমের প্রথম গোল পেয়েছেন সমালোচনায় জর্জরিত জুড বেলিংহ্যাম। তবে বড় জয়ের দিন দুর্ভাবনা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় এদের মিলিতাও ও রদ্রিগোকে। এছাড়া হাঁটুর চোটে বিরতির পর আর মাঠে নামা হয়নি লুকাস ভাসকেসের।
নিজেদের আঙিনায় বার্সেলোনার বিপক্ষে ৪-০ ও চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ৪-০ ব্যবধানে জিতে দুর্দান্তভাবে প্রতিযোগিতায় ফিরল আনচেলত্তির শিষ্যরা। একইসঙ্গে মাঠের খেলায় কিলিয়ান এমবাপের ছন্দে ফেরার আভাস লক্ষ করা গিয়েছে।
এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে ৬ পয়েন্টে নিয়ে এলো বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।