২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসই হলেন জাতীয় দলের নতুন অধিনায়ক। এই সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল।
রবিবার (৪ মে) আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজ দু’টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার মেহেদী হাসান। রবিবার বিকেলে মিরপুরে তাদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন।
গত বছর বাংলাদেশ দলের ৩ ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে এ বছরের জানুয়ারিতে তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলেও ইনজুরির কারণে ছিলেন না শান্ত।
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন এই বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরুর কথা জানিয়েছে বিসিবি।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।