আল নাসরের সঙ্গে ফের চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত বৃহস্পতিবার (২৬ জুন) সৌদির এই ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি সই করেছেন তিনি। গত আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি লিগে ক্যারিয়ার শুরু করা এই তারকা এই দফায়ও পাবেন বড় অঙ্কের বেতন-ভাতা।
সাধারণত ক্লাবের চুক্তিতে বেতন কত ধরা হয়েছে, সে তথ্য কোনো পক্ষই প্রকাশ করে না। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে তা জানা যায়। সম্প্রতি রোনালদোর করা নতুন এই চুক্তি নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্পেনের এএস ও ইংল্যান্ডের দ্য সান। সেখানেই উঠে এসেছে রোনালদোর নতুন এই চুক্তিতে তার বেতনের পরিমাণ সম্পর্কে।
স্পেনের এএসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তি অনুযায়ী রোনালদো সৌদির এই ক্লাবের কাছ থেকে বছরে ৪৬.৮০ কোটি মার্কিন ডলার পাবেন। অর্থাৎ দুই বছরে পাবেন ৯৩.৬০ কোটি। যা মাস হিসেবে ৩.৯ কোটি, আর সপ্তাহ হিসেবে ৮৯ লাখ এবং দিন হিসেবে ১২.৮৮ লাখ মার্কিন ডলার। এ হিসেবে রোনালদোর প্রতি সেকেন্ডে আয় ১৫ মার্কিন ডলার।
অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রতি সেকেন্ডে ১,৮৩৩ টাকা আয় করবেন যা প্রতি দিন হিসেবে ১,৫৭৪ কোটি টাকায় দাঁড়ায়। তবে এ অর্থ শুধুই বেতন, নাকি অন্যান্য সুযোগ-সুবিধাসহ, তা প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি।
অপরদিকে যুক্তরাজ্যের দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী আল নাসরের মালিকানার ১৫% দেওয়া হয়েছে রোনালদোকে, যা ৩.৩০ কোটি পাউন্ড মূল্যমানের। এছাড়াও নতুন করে চুক্তি সই বাবদ তাকে দেওয়া হয়েছে ২.৪৫ কোটি পাউন্ড, দ্বিতীয় বছরের চুক্তি কার্যকর করলে বেড়ে ৩.৮০ কোটি পাউন্ডে দাঁড়াবে। এছাড়াও প্রতি গোলের জন্য ৮০ হাজার পাউন্ড, যা দ্বিতীয় বছরে ২০% বাড়বে- এমন ধারাও ওই চুক্তিতে উল্লেখ রয়েছে বলে জানিয়েছে দ্য সান।
৪০ বছর বছর বয়সী এই পর্তুগিজ তারকাকে এত সব সুযোগ-সুবিধা দেওয়া প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে সানস্পোর্টস জানিয়েছে, মালিকেরা জানেন যে তিনি সৌদি লিগের মুখচ্ছবি। মহাতারকাদের আকর্ষণ করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তাকে যেকোনো মূল্যে ধরে রাখা তাদের জন্য অপরিহার্য ছিল। তিনি নিজেও ব্যাপারটা জানতেন। আর তাকে এই লিগে ধরে রাখতেই আগের চুক্তির চেয়েও বেশি টাকা, সুযোগ-সুবিধা ও বোনাস দেওয়া হয়েছে। রোনালদো এই লিগের জনপ্রিয় এক মুখ এবং মালিকদের দৃষ্টিতে খেলাটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়।