বিশ্বকাপ ফাইনালের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। প্রবল বজ্রঝড়ের কারণে শেষ অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে স্পেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে শনিবার লুইস দে লা ফুয়েন্তের দলের অনুশীলনের সূচি ছিল। আবহাওয়ার অবনতির কারণে প্রথমে অনুশীলন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে নিরাপত্তার স্বার্থে সেটি পুরোপুরি বাতিল করা হয়।
তবে একই পরিস্থিতির মধ্যেও অনুশীলন সম্পন্ন করতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের অনুশীলন ভেন্যু থেকে প্রায় পাঁচ মাইল দূরে নিউ জার্সির মরিসটাউনে অনুশীলন করার কথা ছিল লিওনেল মেসিদের। যদিও বজ্রঝড়ের কারণে তাদেরও প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। এরপর আবহাওয়া অনুকূলে এলে মাঠে নেমে শেষ প্রস্তুতি সেরে নেয় লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।



