Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার খেলা দেখে হার্টঅ্যাটাকে প্রাণ গেল দুজনের

একই ঘটনায় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন বুয়েন্স আইরেসে ম্যাচ চলাকালে তীব্র উত্তেজনার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) জানিয়েছে, নিহত দুজনের বয়স ছিল ৬৭ ও ৮৮ বছর।

সরকারি তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মন্টসেরাট এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাসা থেকে জরুরি সহায়তার আবেদন আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর প্রয়োগ করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি একই ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হন। তাকে সিপিআর দেওয়ার পর দ্রুত ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সেখানে তার মৃত্যু হয়।

এদিকে বুয়েন্স আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৭২ বছর বয়সী আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, ম্যাচ শেষে রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে সমর্থকদের ব্যাপক জমায়েতের মধ্যে বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার ওপর থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে যায়। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফাইনাল শেষে ওবেলিস্ক এলাকায় অতিরিক্ত মদ্যপান, সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ঘটনায় আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কারও মুখমণ্ডল ও নাকে আঘাত লাগে, আবার কেউ বিভিন্ন ধরনের শারীরিক জখম নিয়ে চিকিৎসা নিয়েছেন।

   

About

Popular Links

x