প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি ও নেদারল্যান্ডস। এ নিয়ে ২০২৬ বিশ্বকাপে ১৫টি দলের অংশ নেওয়া নিশ্চিত হলো।
শুক্রবার (১১ জুলাই) ইতিহাস গড়েছে ইতালি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। একই দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডসও।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৪ সালের মতোই ২০২৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল। এর মধ্যে আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপ খেলবে।
২০২৪ বিশ্বকাপে সুপার এইটে উঠে ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গত টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারতকে সুপার এইটের এই হিসাবের বাইরে রাখা হয়েছে।
২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা গত টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল। তাতে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পায় আরও তিনটি দল—পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
অন্যদিকে, বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে গেছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে গত জুনে দেশটি ১৩তম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে।
আমেরিকা অঞ্চল থেকে একটি দলই বিশ্বকাপ খেলবে। ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল বিশ্বকাপে খেলবে। ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি দুই অঞ্চলের মূল বাছাইপর্বের খেলা এখনো শুরু হয়নি।
যেসব দেশের ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত
ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।