টিম কুক যুগের অবসান, নতুন হাতে অ্যাপল

অ্যাপলের শীর্ষ নির্বাহী হিসেবে টানা ১৫ বছর দায়িত্ব পালনের পর অবশেষে বিদায় নিচ্ছেন টিম কুক। ৬৫ বছর বয়সে তিনি রেখে যাচ্ছেন এক হার্ডওয়্যার সাম্রাজ্য, যা তাঁর নেতৃত্বে বিশ্বব্যাপী স্মার্টফোন বিপ্লব ঘটিয়েছে এবং অ্যাপলকে ইতিহাসের অন্যতম লাভজনক কোম্পানিতে পরিণত করেছে।  

১৯৯৮ সালে অ্যাপলে যোগ দিয়ে কুক প্রথমে বিশ্বব্যাপী বিক্রি ও পরিচালনা দেখাশোনা করেন। ২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুর আগে তিনি সিইও হন। অনেকের কাছে জবসের জায়গা নেওয়া ছিল কঠিন কাজ, কিন্তু কুক শান্ত স্বভাবের হলেও দক্ষতায় অ্যাপলকে নতুন উচ্চতায় নিয়ে যান।  

তাঁর সময়ে আইফোন, আইপ্যাড, ম্যাকের পাশাপাশি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস এসেছে বাজারে। অ্যাপল পে, অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভির মতো সেবাও যুক্ত হয়েছে। তাঁর নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ ট্রিলিয়ন ডলার।  

বিদায়ী বার্তায় কুক বলেন, “অ্যাপলকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।” তিনি এখন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে থাকবেন। 

নতুন সিইও হচ্ছেন জন টার্নাস, যিনি দীর্ঘদিন ধরে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্বে ছিলেন।