বড় পরিসরে কর্মী ছাঁটাই করতে শুরু করেছে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা “মেটা”।
বুধবার (২০ মে) ভোর থেকে ধাপে ধাপে প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা শুরু করেছে কোম্পানিটি।
বছরের শেষের দিকে ফেসবুকের এ নিয়ন্ত্রক সংস্থাটি আরও কর্মী ছাঁটাই করতে পারে বলেও শোনা যাচ্ছে।
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগ ও কৌশলগত পুনর্গঠনের অংশ হিসেবেই এই ছাঁটাই কার্যক্রম বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, কেবল এ বছরই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল সংস্থাটি।
যদিও মেটার এ ছাঁটাই নতুন নয়। বিশেষ করে প্রযুক্তি খাতজুড়ে এই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে প্রতিনিয়তই। এমনকি, গত সপ্তাহে ৪,০০০ কর্মী ছাঁটাই করে প্রযুক্তি সংস্থা সিসকো সিস্টেমস। মাইক্রোসফট, অ্যামাজন, ডিজনি এবং এএসএমএল সকলেই কর্মী ছাঁটাইয়ের পথে নেমেছে। অনেকে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার নির্দেশও দিয়েছে। এপ্রিলে প্রযুক্তি সংস্থা ওরাকল বিভিন্ন দেশের প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছিল।



