ইন্টারনেটের ধীরগতির বিষয়ে যা জানা গেলো

হঠাৎ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। 

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৫ এর পূর্ব ও পশ্চিম এ দুই দিকের সংযোগ বিচ্ছিন্ন থাকায় ইন্টারনেটের গতি কমে যায়। 

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, কুয়াকাটায় অবস্থিত সি-এমই-ডব্লিউই-৫ কেবলটি বেলা সাড়ে ১১টার দিকে পুরোপুরি অচল হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে সংযোগটি আবার সচল হয়। এ সময় ইন্টারনেট ব্যবহারে কিছুটা ধীরগতি দেখা দেয়। 

তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বিএসসিপিএলসির সূত্র বলছে, কেবলটির সংযোগ পুনরায় সচল হওয়ার পর ধীরে ধীরে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে শুরু করে। 

তবে এ ঘটনায় দেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হওয়ার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএসসিপিএলসি। 

দেশে একাধিক সাবমেরিন কেবল এবং স্থলভিত্তিক বিকল্প আন্তর্জাতিক সংযোগ চালু থাকায় একটি কেবল সাময়িকভাবে অচল হলেও বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহ করা হয়।