টিকটকে পাঠানো যাবে টাকা

বার্তা পাঠানোর সময় একে অন্যকে টাকা পাঠানোর সুবিধা চালুর পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। 

মঙ্গলবার (১৮ আগস্ট) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদন বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইফোনের জন্য টিকটক অ্যাপের বর্তমান সংস্করণে এরইমধ্যে এ সুবিধা রয়েছে। সেখানে টাকা পাঠানোর পর প্রাপক একটি বোতামে চাপ দিয়ে তা গ্রহণ করতে পারবেন, এমনটি দেখা গেছে। টাকা পাঠানোর সময় এর সঙ্গে ছোটো কোনো মেসেজও দেওয়া যাবে।

যদিও টিকটক এ সুবিধা এখনো চালু করা হয়নি বলে জানিয়েছে। ফলে কবে নাগাদ এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে তা নিশ্চিত নয়।

টিকটকের অর্থ লেনদেন ব্যবস্থা বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে টিকটক শপের কেনাকাটায় ব্যবহৃত হচ্ছে। নতুন সুবিধা চালু হলে একই ব্যবস্থা ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের মধ্যেও টাকা পাঠাতে পারবেন।

আর্থিক সেবায় টিকটকের প্রবেশ অবশ্য নতুন নয়। এ বছর মার্চেও রয়টার্স জানিয়েছিল, ব্রাজিলে ঋণ ও অর্থ লেনদেনের সেবা দেওয়ার জন্য আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি চেয়েছে টিকটক।