ভিডিওর ভিউ গণনা ও লাইভ সম্প্রচারের নিয়মে বড় পরিবর্তন আনছে বৈশ্বিক অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম- ইউটিউব।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়া মাত্রই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও।
এর আগে, গত বছর ইউটিউব শর্টসের ক্ষেত্রে একই ধরনের পরিবর্তন আনা হয়েছিল। টিকটক ও ইনস্টাগ্রামও ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ গণনা করে থাকে। এবার দীর্ঘ ভিডিও ও লাইভ সম্প্রচারের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করছে ইউটিউব।
ইউটিউবের বার্তায় বলা হয়, বিভিন্ন ধরনের কনটেন্টের জন্য এত দিন ভিন্ন ভিন্ন ভিউ গণনা পদ্ধতি ছিল। তবে নির্মাতারা এই বিভ্রান্তি দূর করে প্রকৃত পৌঁছানোর পরিমাণ জানতে চেয়েছেন। তাই নতুন এই পরিবর্তন আনা হচ্ছে।
নতুন নিয়ম চালুর পর অনেক ভিডিওর ভিউ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে যেসব ভিডিও দর্শকের মনোযোগ অল্প সময়ের জন্য আকর্ষণ করে, সেগুলোর ভিউ দ্রুত বাড়বে। ফলে শুধু ভিউ সংখ্যা দেখে কোনো ভিডিও কতটা জনপ্রিয়, তা আগের তুলনায় কম নির্ভরযোগ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নতুন এই পরিবর্তনের ফলে কনটেন্ট ক্রিয়েটর ও নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো প্রভাব পড়বে না।



