একটি ভিডিও গেমের জন্য কত দিন অপেক্ষা করতে পারেন মানুষ? এক বছর, দুই বছর, কিংবা পাঁচ বছর? কিন্তু কোনো গেমের নতুন সংস্করণের জন্য অপেক্ষার সময় যদি ১৩ বছর পেরিয়ে যায়, তাহলে সেটি ঘিরে আগ্রহ কতটা তীব্র হতে পারে, তার উদাহরণ ‘গ্র্যান্ড থেফট অটো ৬ বা জিটিএ ৬’।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল সিরিজটির আগের সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৫’। এরপর এক দশকের বেশি সময় ধরে নতুন সংস্করণের অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি গেমার। অবশেষে ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে জিটিএ ৬। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আনুমানিক ১০০ কোটি ডলার বা তারও বেশি ব্যয়ে তৈরি গেমটি মুক্তির পরপরই গেমার ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।
কেন এই ভিডিও গেম নিয়ে এত আগ্রহ? এর উত্তর শুধু উন্নত গ্রাফিকস বা প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিনের ভক্তগোষ্ঠী, গল্প বলার ধরন, ভার্চুয়াল জগতে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ এবং জনপ্রিয় সংস্কৃতিতে গেমটির প্রভাব - সব মিলিয়েই তৈরি হয়েছে এই উন্মাদনা।
১৩ বছরের অপেক্ষা, ট্রেলারেই রেকর্ড
১৯৯৭ সালে যাত্রা শুরু করা জিটিএ সিরিজ ধীরে ধীরে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫ সিরিজটিকে নিয়ে যায় নতুন উচ্চতায়। কাল্পনিক শহর লস সান্তোসকে কেন্দ্র করে তৈরি গেমটিতে তিনটি প্রধান চরিত্রের জীবন ও অপরাধজগতের নানা ঘটনা তুলে ধরা হয়েছিল।
গেমটির অনলাইন সংস্করণ ‘জিটিএ অনলাইন’ এবং নিয়মিত নতুন কনটেন্ট যুক্ত হওয়ার ফলে বছরের পর বছর খেলোয়াড়দের আগ্রহ ধরে রাখা সম্ভব হয়েছে। ফলে নতুন সংস্করণ নিয়ে প্রত্যাশাও বেড়েছে।
জিটিএ ৬-এর প্রথম ট্রেলার প্রকাশিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে। ইউটিউবে প্রথম ২৪ ঘণ্টায় এটি ৯ কোটি ৩০ লাখের বেশি বার দেখা হয়। এরপর ২০২৫ সালের মে মাসে প্রকাশিত দ্বিতীয় ট্রেলার বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে প্রথম ২৪ ঘণ্টায় ৪৭ কোটি ৫০ লাখের বেশি বার দেখা হয় বলে জানিয়েছিল রকস্টার গেমস।
ট্রেলারে দেখানো শহর, চরিত্র, গাড়ি ও পরিবেশের নানা খুঁটিনাটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় বিশ্লেষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে গেমটির প্রচারের বড় অংশ হয়ে ওঠেন তাঁরাই।
নতুন দুই চরিত্র
জিটিএ ৬-এর পটভূমি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা। এর গুরুত্বপূর্ণ শহর ভাইস সিটি, যার মূল অনুপ্রেরণা মায়ামি।
সিরিজটি যত এগিয়েছে ততই তা আরও আধুনিক ও পরিশীলিত হয়েছে। নিজস্ব ঘরানার অপরাধ, গাড়ি চালানো ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ সব মিশনের পাশাপাশি এতে রয়েছে প্যারাসুট জাম্প, সিনেমা দেখা ও মার্কিন সংস্কৃতিকে ব্যঙ্গ করা রেডিও স্টেশনের মতো নানা আয়োজন।
গেমটির গল্পের কেন্দ্রে রয়েছেন জেসন ডুভাল ও লুসিয়া কামিনোস। অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়া এই দুই চরিত্রের জীবন, সম্পর্ক ও অভিযান ঘিরেই এগিয়েছে কাহিনি।
লুসিয়ার চরিত্রটি বিশেষভাবে আলোচিত। কারণ, জিটিএ সিরিজের মূল ধারার গেমে এবারই প্রথম একজন নারীকে অন্যতম প্রধান চরিত্র হিসেবে যুক্ত করা হয়েছে। খেলোয়াড়েরা জেসন ও লুসিয়া - দুই চরিত্রের মধ্যে পালাক্রমে খেলার সুযোগ পাবেন। তাদের সম্পর্কের গতিপথও নির্ভর করবে খেলোয়াড়ের সিদ্ধান্তের ওপর।
গেমের দুনিয়ায় এত জনপ্রিয় কেন জিটিএ?
জিটিএ সিরিজের জনপ্রিয়তার অন্যতম কারণ খেলোয়াড়দের স্বাধীনতা। অধিকাংশ ভিডিও গেমে নির্দিষ্ট লক্ষ্য বা মিশন অনুসরণ করতে হয়। কিন্তু জিটিএতে মূল গল্পের বাইরে নিজের ইচ্ছামতো শহরে ঘুরে বেড়ানো, গাড়ি চালানো এবং নানা কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যঙ্গাত্মক গল্প বলার ধরন। যুক্তরাষ্ট্রের সমাজ, রাজনীতি ও জনপ্রিয় সংস্কৃতির নানা দিকও গেমটিতে তুলে ধরা হয় রসাত্মকভাবে।
এছাড়া জিটিএ ৫-এর অনলাইন সংস্করণকে ঘিরে তৈরি হয়েছে বড় একটি কমিউনিটি। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে গেমটির ভিডিও, লাইভস্ট্রিম ও রোলপ্লে নিয়ে নিয়মিত আলোচনা হয়।
জিটিএ গেমের মাধ্যমে ১৯৮০ সালের পরবর্তী মার্কিন ইতিহাসের ওপর একটি কোর্স পড়ান ইউনিভার্সিটি অব টেনেসি, নক্সভিলের অধ্যাপক টোর ওলসন। তার মতে, আগের সংস্করণগুলোর তুলনায় জিটিএ ৬ কম উস্কানিমূলক হতে পারে। গেমটি এখন মূলধারার সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।
মুক্তির পরপরই উন্মাদনা ও প্রশংসা
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গেমটি মুক্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন শহরে পার্টির আয়োজন করেছেন গেমাররা। অস্ট্রেলিয়ার সিডনিতে মধ্যরাতের পরপরই গেমটি খেলা শুরু করেন ৩৩ বছর বয়সী আসিফ মির। তার ভাষায়, ‘গেমটি এযাবৎকালের সেরা গেম। আর আমরা তো কেবল ২০ মিনিট খেলেছি।’
লন্ডনেও গেমটির মুক্তি উদ্যাপনে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগমাধ্যমে গ্র্যান্ড থেফট অটোর আদলে তৈরি কনটেন্ট পোস্ট করেছেন। দেশটির কিছু কোম্পানি কর্মীদের ছুটিও দিয়েছে। ইন্দোনেশিয়াতেও দেখা গেছে একই রকম উন্মাদনা।
গেমটির পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকে এর স্কোর ৯৯। এর মধ্য দিয়ে নিনটেনডোর ১৯৯৮ সালের গেম ‘দ্য লিজেন্ড অব জেল্ডা: ওকারিনা অব টাইম’-এর রেকর্ডে ভাগ বসিয়েছে এটি।
গেমসরাডার প্লাস গেমটির জগৎকে বিস্ময়কর পরিসর ও মানের বলে বর্ণনা করেছে। পিসি গেমসের মতে, ১৩ বছরের অপেক্ষার পূর্ণ সার্থকতা মিলেছে এই গেমে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গেমটির মূল কাহিনি শেষ করতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগবে। এটি প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে খেলা যাচ্ছে।
তবে এত বিপুল প্রত্যাশার মধ্যে হতাশ হওয়ার ঝুঁকিও রয়েছে। গেমের গল্প নিয়ে অসন্তোষ কিংবা বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে এর সুনাম ও ভবিষ্যৎ বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নতুন কনটেন্ট অর্থনীতিতে জিটিএ ৬
গেমটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আয় করছেন বড় স্ট্রিমার থেকে শুরু করে ছোট ইউটিউব চ্যানেলের নির্মাতারাও। ‘স্ট্রিমস চার্টস’-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় টুইচ, ইউটিউব ও কিকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জিটিএ ৬-সংক্রান্ত কনটেন্ট দেখা হয়েছে ১২ কোটি ৫৫ লাখ ঘণ্টা।
এই সময়ে সবচেয়ে বেশি দর্শক-সময় পেয়েছেন ইউটিউব নির্মাতা ড্যারেন ‘আইশোস্পিড’ ওয়াটকিনস জুনিয়র। তার কনটেন্ট দেখা হয়েছে ৪৪ লাখ ৭০ হাজার ঘণ্টা। অন্যদিকে, স্ট্রিমার কাই সেনাটের প্রায় ৩৬ ঘণ্টার লঞ্চ সম্প্রচারে প্রায় ২০ লাখ ঘণ্টা দর্শক-সময় রেকর্ড করেছে টুইচ ট্র্যাকার ‘কাস্টঅ্যাকর্ড’।
১৯ নভেম্বর পর্যন্ত আইশোস্পিডের জিটিএ ৬-বিষয়ক ট্রেলারে ইউটিউবে ৩৭ লাখ এবং কাই সেনাটের ট্রেলারে ২৭ লাখ ভিউ হয়েছিল।
এই আগ্রহ কাজে লাগাতে রকস্টার গেমস ইউটিউবের সঙ্গে ২৪ ঘণ্টার লঞ্চ সম্প্রচারের আয়োজন করে। পাশাপাশি কাই সেনাটের স্ট্রিম থেকে ক্লিপ তৈরি করে দর্শক টানতে সম্পাদকদের জন্য ১০ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে ‘ক্লিপড অ্যান্ড শিপড’ নামের একটি এজেন্সি।
আরেকটি প্রচারে স্ট্রিমার ক্রিকক্রাফটের ক্লিপের প্রতি এক হাজার ভিউয়ের জন্য এক ডলার দেওয়ার প্রস্তাব রাখা হয়। তবে প্রতিটি ক্লিপ থেকে সর্বোচ্চ ৪০০ ডলার আয় করা যাবে।
ছোট চ্যানেলগুলোর ক্ষেত্রেও এই আগ্রহের প্রভাব দেখা গেছে। প্রায় ১,২২০ সাবস্ক্রাইবারের ‘মেডা’ চ্যানেলের একটি শর্ট ভিডিও ১৫ লাখ ভিউ পেয়েছে। অন্যদিকে, ‘স্করপি ভি’ চ্যানেলের চারটি শর্ট ভিডিওর সম্মিলিত ভিউ ৫১ লাখ।
অন্যদিকে, ওয়েডবুশের বিশ্লেষক অ্যালিসিয়া রিসের মতে, গেমটির ভেতরে কেনাকাটার ব্যবস্থা টেক-টু ইন্টারঅ্যাকটিভের জন্য দীর্ঘ মেয়াদে নিয়মিত ও উচ্চ মুনাফার আয়ের উৎস হতে পারে।
কনসোল সংস্করণের পর পিসি ও অনলাইন মাল্টিপ্লেয়ার সংস্করণ আসারও প্রত্যাশা করছেন তিনি। যদিও রকস্টার এ বিষয়ে কোনো সময়সূচি জানায়নি।