ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম স্থগিত করে চলছে। এবার সে তালিকায় যুক্ত হলো স্যামসাংও। ভূ-রাজনৈতিক সমস্যার জন্য রাশিয়ায় সব ধরনের পণ্যের চালান বন্ধ করে দিয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট। শুধুমাত্র স্মার্টফোনই নয়, স্যামসাংয়ের চিপ থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক পণ্যও এর আওতাভুক্ত।
ব্লুমবার্গের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভার্জ।
শুক্রবার (৪ মার্চ) স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে রাশিয়ায় পণ্যের চালান স্থগিত করা হয়েছে। চলমান জটিল পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া, ইউক্রেনকে ৬০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এ প্রতিষ্ঠানটি, যার মধ্যে রয়েছে পণ্য বিক্রির আয় এবং কর্মীদের স্বেচ্ছায় দেওয়া অনুদানও।
এর আগে, একই দিন আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট রাশিয়ায় সবধরনের পণ্য বিক্রয় স্থগিত, পরিসেবা এবং উৎপাদনও বন্ধ করে দেওয়ার কথা জানায়।
ইউক্রেনে হামলা চালানোর পর এখন পর্যন্ত ফিফা গেমের ডেভেলপার ইএ স্পোর্টস, এবং সাইবার পাঙ্ক ২০৭৭ ডেভেলপার সিডি প্রজেক্ট রেড রাশিয়ায় সবধরনের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।
এছাড়া, রাশিয়ায় নিজেদের বিজ্ঞাপন বিক্রি বন্ধ করে দিয়েছে গুগল, ফেসবুক ও টুইটার। সেই সঙ্গে রাশিয়াও ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।