বেসরকারি সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো চাঁদে যাচ্ছে মার্কিন মহাকাশযান

সর্বশেষ অ্যাপোলো মিশনের ৫০ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবারও একটি মহকাশযান চন্দ্রপৃষ্ঠে পাঠাচ্ছে। এটি পরিচালনা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সোমবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) এটি উৎক্ষেপণের কথা রয়েছে।

পেরেগ্রিন নামের এই ল্যান্ডারটিতে কোনো নভোচারী থাকবে না। যানটি মার্কিন কোম্পানি অ্যাস্ট্রোবোটিক তৈরি করেছে।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের লঞ্চ কমপ্লেক্স ৪১ থেকে পেরেগ্রিন ল্যান্ডারের উত্ক্ষেপণ ঘটবে। উৎক্ষেপণ সরাসরি সমপ্রচার করবে নাসা।

যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকে, তবে পেরিগ্রিন আগামী ২৩ ফেব্রুয়ারি সাইনাস ভিসকোসিটাইটিস বা বে অব স্টিকিনেস নামক চাঁদের মধ্য-অক্ষাংশ অঞ্চলে স্পর্শ করবে।

বেশ কয়েক বছর আগে নাসা “সিএলপিএস” নামে একটি কর্মসূচির অধীনে মার্কিন কোম্পানি গুলোকে চাঁদে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তি পাঠাতে অনুমোদন দেয়। বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তির লক্ষ্য চন্দ্র অভিযান খাতে অর্থনীতির বিকাশ ঘটানো এবং কম খরচে পরিবহন পরিষেবা প্রদান করা।

পিটসবার্গ-ভিত্তিক অ্যাস্ট্রোবোটিক এর সিইও জন থর্নটন এর আগে বলেছিলেন, "অ্যাপোলোর পর থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে চাঁদের পৃষ্ঠে ফিরিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ সম্মান।"