নির্ভুলভাবে মস্তিষ্কের টিউমার শনাক্ত করবে এআই

কম সময়ে ও নির্ভুলভাবে ব্রেইন টিউমার শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর একটি প্রোগ্রাম বা টুল তৈরি করেছেন গবেষকেরা। গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল গবেষক।

এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে “ডেপ্লয়”। তাদের দাবি, প্রোগ্রামটি দ্রুত ও নিখুঁতভাবে মস্তিষ্কের টিউমারের ধরন শনাক্ত করতে পারে। এই গবেষণাসংক্রান্ত নিবন্ধ গত শুক্রবার প্রকাশিত হয়েছে।

তাদের প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যায়, গবেষকদের তৈরি “ডেপ্লয়” নামের এই টুলটি মস্তিষ্কের টিস্যুর আণুবীক্ষণিক ছবি বিশ্লেষণ করে কাজ করে থাকে। এই বিশেষ টুলটি শুধু ব্রেইন টিউমার শনাক্ত করাই নয়, এটিকে ১০টি উপ-ধরনে শ্রেণিভুক্ত করতেও সক্ষম।

এএনইউর বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের ডেপ্লয় প্রকল্পের সহ-প্রধান ড্যান-থাই হোয়াং বলেন, “বর্তমানে মস্তিষ্কের টিউমারের শ্রেণিবিন্যাস ও শনাক্ত করতে সর্বোচ্চ মান হিসেবে ‘ডিএনএ মেথিয়ালেশন’ নামের একটি পদ্ধতিকে ধরা হয়। এটি টিউমারের ধরন বুঝতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় নেয় এবং বিশ্বের সব জায়গায় এই পদ্ধতি সহজলভ্য নয়। এর তুলনায় এআইনির্ভর এই প্রোগ্রাম কয়েক ঘণ্টার মধ্যেই টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম হবে।”

তিনি জানান, “ডেপ্লয়” ৯৫% নির্ভুলভাবে ফলাফল দিতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রায় ৪,০০০ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে তা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে “ডেপ্লয়কে” প্রশিক্ষিত করা হয়েছে। এর দেওয়া ফলাফল যাচাই করা হয়েছে।

গবেষকরা বিশ্বাস করেন, এই টুলটি ক্যান্সারের অন্যান্য ধরন শ্রেণিবদ্ধ করতেও সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।