Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি

আত্রাই নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হওয়ায় ২০ পয়েন্ট উচ্চ ঝুঁকিতে

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:০২ পিএম

নওগাঁর আত্রাই নদীর একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে তালপাতিলা গ্রামসহ আশেপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। পানিবন্দী হয়ে পড়েন কয়েকশ পরিবার।

শনিবার (১৬ আগস্ট) সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় এই বেড়িবাঁধ ভেঙে যায়।

স্থানীয়রা বলছেন, এই একই স্থানে গত বছর বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভেঙে গেছে।

বেড়িবাঁধ ভাঙার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দেন।

এদিকে, দুপুর ১২টার দিকে দেওয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আত্রাই নদীর মান্দা উপজেলার জোত বাজার পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ও রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও নওগাঁর ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিদৎসীমার নিচে থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আত্রাই নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হওয়ায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকার অন্তত ১০টি বেড়িবাঁধকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ অন্তত ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

   

About

Popular Links

x