Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্র উপদেষ্টা: সব সময় চুনোপুঁটি ধরি, রুই-কাতলা ধরা পড়ে না

গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ২৭ হাজার নিয়োগ

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে, নিরীহ কেউ যাতে শাস্তি না পায়। অপরাধী যাতে ছাড় না পায়। আমরা সব সময় চুনোপুঁটি ধরি। রুই-কাতলা ধরা পড়ে না। রাঘব বোয়ালদের ধরার চেষ্টা চলছে।’’

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা রিকশাচালককে গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘‘প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওই দিন সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে নির্দেশনা ছিল।”

মব জাস্টিস (উচ্ছৃঙ্খল জনতার বিচার) প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘মব জাস্টিস শেষ হয়ে গেছে, এটা বলা যাবে না। ঢাকায় মব জাস্টিস কমলেও ঢাকার আশপাশে হচ্ছে। রংপুরে কিছুদিন আগেও হয়েছে। সরকার চেষ্টা করছে মব জাস্টিস যতটা কমিয়ে আনা যায়।’’

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘এ বিষয়ে আমাকে জিজ্ঞেস না করে আদালতকে জিজ্ঞেস করেন। পুলিশের গ্রেপ্তার করা অবৈধ হলে আদালত ছেড়ে দিত। আদালত স্বাধীনভাবে তার কাজ করছেন।’’

উপদেষ্টা বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৫,৮৫১ পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের কনস্টেবল থেকে এসআই পদে এ নিয়োগ দেওয়া হয়। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪,৪৬৯ জন, আনসার সদস্য হিসেবে ৫,৫৫১ জন, ফায়ার সার্ভিসে ২০৮ জন এবং কারা অধিদপ্তরে ১,৫৫৮ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। কিছু পদ নতুন তৈরি হয়েছে। এছাড়াও শূন্য পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগে ক্যাডারের কেউ নেই। সব মিলিয়ে গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ২৭,৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।’’

   

About

Popular Links

x