Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

আসিফ নজরুল: ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আমরা চলে যাব

আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের ঘোষিত সময়সীমা নিয়ে প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৩:২৩ পিএম

অন্তবর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারিতেই আমরা চলে যাবো, এমন ভাবনা রেখেই সরকার কাজ করছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ঘোষিত সময়সীমা প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা এই মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সবকিছুই আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।”

আইন উপদেষ্টা আরও বলেন, “সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ড. ইউনূস সর্বজনস্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। তার দেওয়া ঘোষণা থেকে আমাদের বিন্দুমাত্র পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।”

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেন। বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময়ে কে কি বলবেন, এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।”

   

About

Popular Links

x