কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি পুলিশের বাধায় ভন্ডুল হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে কয়েকজন আন্দোলনকারী আহত হন এবং কয়েকজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিকভাবে আহত ও হেফাজতে নেওয়া আন্দোলনকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা যায়, আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সাবেক সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া রয়েছেন।
আন্দোলনকারী চাকরিচ্যুত শিক্ষকরা জানান, সকালে উখিয়া সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তার মোড়ে ৪০ থেকে ৫০ জন ভুক্তভোগী শিক্ষক অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়া সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখে। একপর্যায়ে পুলিশ এসে আন্দোলনকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকায় একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ ঘটনায় ৭/৮ জন আন্দোলনকারী শিক্ষক আহত হন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১০ থেকে ১৫ জনকে আটক করে নিয়ে যায়। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘‘সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা সেখানে কয়েকজনকে হেফাজতে নিয়েছি। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগের দিন চাকরিচ্যুতদের সঙ্গে বৈঠকও হয়েছিল।’’
প্রসঙ্গত, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।



