Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মসজিদে চুরির চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

সোমবার সকালে রানা মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:২১ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি মসজিদে মধ্যরাতে প্রবেশ করে চুরির চেষ্টার অভিযোগে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম রানা মিয়া (৩৫)।

রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এই ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে রানা মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দিবাগত রাত ১টার পর রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে প্রবেশ করেন রানা মিয়া। এ সময় চুরির অভিযোগে আশপাশের লোকজন তাকে ধরে পিটুনি দেন। ঘটনাস্থলে রানা মিয়ার মৃত্যু হয়। মসজিদটিতে এর আগেও একাধিকবার চুরি হয়েছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিলেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অভিযোগ করেন, মসজিদের ভেতরে চুরি করতে প্রবেশ করেন ওই যুবক। মাইক চুরির চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। এরপর তারা পিটুনি দেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ বলেন, “নিহত যুবকের বিরুদ্ধে ময়মনসিংহ, তারাকান্দা ও জয়দেবপুর থানায় চুরি-ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।”

   

About

Popular Links

x