গাজীপুরে গভীর রাতে বিএনপি নেতা তোফাজ্জল হোসেন শেখের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ওই বিএনপি নেতার বাড়িতে ডাকাতের ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
ভুক্তভোগী বিএনপি নেতা তোফাজ্জল হোসেন শেখ বলেন, “রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ তালা ভাঙার শব্দ শুনতে পাই। কোনো কিছু বোঝার আগেই ১৫-১৬ জনের ডাকাত দল তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে সকলের হাত-পা বেঁধে ফেলে। এসময় তারা নগদ এক লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।”
এদিকে, বুধবার (২৭ আগস্ট) সকালে বিএনপি নেতার বাড়িতে ডাকাতির খবর পেয়ে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। গত কয়েকদিনে একাধিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।



