Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেন্টমার্টিনের আকাশে ড্রোন, স্থানীয়দের উদ্বেগ বাড়ছে

স্থানীয়দের ধারণা, সীমান্তে সক্রিয় আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে ড্রোনগুলো

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

মিয়ানমার সীমান্তবর্তী সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা যাওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের ধারণা, সীমান্তবর্তী এলাকা পর্যবেক্ষণের উদ্দেশ্যে মিয়ানমারের দিক থেকে ড্রোনগুলো উড়ানো হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “রাতে জেটির পূর্ব দিকে আকাশে দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে এবং সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। এ পরিস্থিতিতে আমাদের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।”

দ্বীপের বাসিন্দা জেলে মোহাম্মদ আজিম জানান, “রাতে আকাশে দুটি ড্রোন উড়তে দেখে লোকজন জড়ো হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। অনেকেই বলাবলি করছেন, এগুলো মিয়ানমারের দিক থেকে আসা এবং আরাকান আর্মির হতে পারে।”

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ড্রোন কার্যক্রম বাংলাদেশের আকাশসীমা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

   

About

Popular Links

x