Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী

সংবাদমাধ্যমে তথ্য প্রদান ও প্রচারের জন্য মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তারা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী)।

রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ২৮ (৪) বিধি মোতাবেক মাহদী আমিন এবং সালেহ শিবলী প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট সরকারি তথ্য প্রেস, মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে প্রদান ও প্রচারের জন্য মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলটির মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচনের সময় গুলশানে দলের নির্বাচনি কার্যালয় থেকে তিনি নিয়মিত বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরতেন।

অন্যদিকে, গত ১৯ ফেব্রুয়ারি সরকার সালেহ শিবলীকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। এর আগে, ৩ জানুয়ারি তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব নিযুক্ত হয়েছিলেন। তিনি গত কয়েক দশক ধরে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে কাজ করছেন।

সালেহ শিবলী এর আগে বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, দৈনিক বাংলাবাজার, রেডিও টুডে এবং চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। চার দলীয় জোট সরকারের আমলে তিনি কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

   

About

Popular Links

x