Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন

নাতিদের মারধরে বাধা দিলে এ ঘটনা ঘটে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মো. আকল মিয়া (৮৮) এবং গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহিদুর রহমান শহিদ (৪৭)। 

স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ হোসেন জানান, মশিক মিয়া (৩৫) তার দুই শিশু সন্তানকে মারধর করছিল। এসময় তার পিতা আকল মিয়া নাতিদের মারধর করতে বাধা প্রদান করেন, একপর্যায়ে পিতা-পুত্রের বাকবিতণ্ডা হয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি দেখে তার বড়ভাই যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ এগিয়ে এসে ছুরিটি কেড়ে নিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোট ভাই মশিক।

পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আকল মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তার বড় ছেলে শহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট রেফার্ড করা হয়। বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল ফোনে জানান, অভিযুক্তকে নিজ এলাকার একটি পাহাড়ে লুকিয়ে থাকাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

About

Popular Links

x