Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনায় ভ্যানচালককে জবাই করে হত্যা

মাগরিবের নামাজ আদায় করে ভ্যান নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হন

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম

পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪৫) নামে এক ভ্যানচালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ভক্তের বোয়ালমারী কবরস্থানের পাশের সড়কে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছের আলী উপজেলার টলটলিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার মাগরিবের নামাজ আদায় করে ভ্যান নিয়ে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নাছের আলী। রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ভক্তের বোয়ালমারী কবরস্থানের পাশের সড়কে সবুজ হোসেনের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখতে পান, ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে।  স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে চাটমোহর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকাবাসীর দাবি, নাছের আলী ছিলেন একজন সাধারণ, পরিশ্রমী ও নিরীহ মানুষ। তার সঙ্গে কারও শত্রুতার কথা জানা যায়নি। পুলিশ ঘটনার বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুতই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।"

   

About

Popular Links

x