Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রংপুরে পাম্পে হামলা চালিয়ে নিজেরাই পেট্রোল ভরে নিল দুর্বৃত্তরা

ফিলিং স্টেশনের কর্মীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ১৬৭ লিটার পেট্রোল লুটের অভিযোগ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

রংপুরের পীরগঞ্জে একটি ফিলিং স্টেশনে হামলা চালিয়ে পেট্রোল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ উজ্জ্বল ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা স্টেশনে কর্মরত মিটারম্যান ফরহাদ মিয়াকে মারধর করে এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের ভয় দেখায়। তখন ফরহাদ আত্মরক্ষার্থে ভেতরে আশ্রয় নেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এসময় হামলাকারীরা পাম্পের সুইচ চালু করে নিজেদের সঙ্গে আনা জারিকেন ও মোটরসাইকেলে প্রায় ১৬৭ লিটার পেট্রোল ভরে নিয়ে যান। পরে মিটারম্যান মোবাইল ফোনে ম্যানেজারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত শোনেন এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেন। এরপর ফিলিং স্টেশনের মালিকের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হয় ।

এ ঘটনায় হানিফুল ইসলাম (৪২), রাজু মিয়া (৩৫), সোহেল মিয়া (২৮), নাহিদ মিয়া (২১) ও রাসেল মিয়াসহ (২৬) অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

পাম্পের ম্যানেজার রুহুল আমিন বলেন, “হামলাকারীরা ফিল্মি স্টাইলে সংঘবদ্ধভাবে এসে দ্রুত তেল নিয়ে চলে যায়। পুরো ঘটনাটি ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে।”

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

About

Popular Links

x