Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

ঢাকাসহ দেশের ২৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ওমর ফারুক বলেন, “রেকর্ড অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ বইছে। এছাড়াও ঢাকা, দিনাজপুর, টাঙ্গাইল, মাদারীপুর, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।”

তিনি জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুধু রাজশাহী নয়, আশপাশের জেলা পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে পুরো অঞ্চলে জনজীবনে দুর্ভোগ বেড়েছে।

তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। বেড়েছে বরফের চাহিদা। বৈশাখের শুরু থেকে বাড়তে থাকা তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রি বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

 

 

   

About

Popular Links

x