Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকাসহ দেশের ৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজধানীতে ফের জলাবদ্ধতা শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

ঢাকাসহ দেশের ৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রাজধানীতে আবার জলাবদ্ধতার শঙ্কার কথাও জানানো হয়েছে। 

সোমবার (২০ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানায়, সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে৷

অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ু উত্তরাঞ্চলে সক্রিয়, দেশের অন্য এলাকায় মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস রয়েছে।

ঢাকায় ফের জলাবদ্ধতার শঙ্কা

রাজধানীতে আবার জলাবদ্ধতার শঙ্কার কথা জানিয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে বলেন, “বর্ষণের কারণে রাজধানীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে। ঢাকার মিরপুর, কাজীপাড়ায় ৩০ মিলিমিটার বৃষ্টি হলেই অস্থায়ীভাবে এক হাঁটু পানি জমে যায়। এজন্য বলা হয়েছে, অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে।”

এদিকে, সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নীলফামারীর ডিমলায়।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারী’ বৃষ্টি বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারী’ বর্ষণ বলা হয়।

   

About

Popular Links

x