Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

আবহাওয়া অফিস পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায়

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঢাকা ও খুলনাসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়া অফিস পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেশের বিশাল একটি অংশে তাপপ্রবাহের দাপট বজায় থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গরমের তীব্রতা বাড়ায় জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।

   

About

Popular Links

x