Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, যাত্রীরা বিপাকে

চাঁদা আদায় নিয়ে দুই পরিবহন শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দুইটি সংগঠনের বিরোধের জেরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। চাঁদা আদায়কে কেন্দ্র করে ধর্মঘট ডেকেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের বিরোধের জেরে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবি দুটি সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁদা আদায় করছে। এ নিয়ে সংগঠন দুটির মধ্যে তীব্র বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, শ্রমিকদের কল্যাণেই আমরা টার্মিনাল থেকে চাঁদা উত্তোলন করছি এবং তা শ্রমিকদের কল্যাণেই ব্যয় হয়। কিন্তু হঠাৎ করেই টার্মিনালের বাইরে শহরের হরিপুর এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের নাম দিয়ে বাস থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এটি বন্ধের দাবি দীর্ঘদিন যাবত জানিয়ে আসছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই এটা সুরাহা না হওয়া বা টার্মিনালের বাইরে চাঁদা উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

এদিকে, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত জানান, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি ওই সংগঠনের নেই।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, উভয় পক্ষকে নিয়েই বসেছিলাম। কিন্তু উভয় পক্ষই নিজেদের সঠিক দাবি করেন। বিপরীত পক্ষকে ভুল দাবি করেন। একারণে সমাধান হয়নি। তাদেরকে নিজেদের মধ্যে বসে সমাধান করতে বলা হয়েছে। এছাড়া তাদেরকে রাস্তায় চাঁদাবাজি করতে নিষেধ করা হয়েছে।

   

About

Popular Links

x