Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষ

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন ও ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া, পূর্ব পাড়া এবং দক্ষিণ আরিফাইল এলাকাবাসীর মধ্যে এই সংঘাত চলে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই-তিন সপ্তাহ আগে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার বোরহান মিয়া পূর্ব পাড়ার শিহাবের দোকানে বিকাশে টাকা পাঠাতে যান। টাকা পাঠাতে দেরি হওয়াকে কেন্দ্র করে বোরহান অকথ্য ভাষায় গালিগালাজ করলে দুজনের মধ্যে ঝগড়া হয়। সে সময় স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দিলেও দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল।

রবিবার বিকেলে শিহাব তার বন্ধুদের নিয়ে পশ্চিম পাড়া এলাকায় ফুটবল খেলতে গেলে বোরহানের সঙ্গে পুনরায় তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বোরহানের লোকজন শিহাব ও তার বন্ধুদের মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিম পাড়াবাসীর ওপর চড়াও হয়।

রাতের আঁধারে টর্চলাইটের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

   

About

Popular Links

x