Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

সরাইল উপজেলায় দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সরাইল উপজেলার শাহবাজুর ইউনিয়নের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।

প্রত্যেক্ষদর্শী তকদির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “মাধবপুর থেকে ছেড়ে আসা ‘দিগন্ত’ লোকাল বাসটি বৈষামুড়া এলাকায় পৌঁছালে ঢাকা-সরাইল বিশ্বরোডের দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় সড়কে থাকা একটি অটোরিকশাকেও ধাক্কা দেয় বাসটি। পরে নিয়ন্ত্রণ সেটি হারিয়ে খাদে পড়ে যায়।”

ঘটনাস্থলে থাকা কাজী মিজানুর রহমান নামের আরেকজন বলেন, “বাসে থাকা তিনজন যাত্রী নিহত এবং অনেক লোকজন আহত হয়েছেন। বাসটি উল্টে যাওয়ার কারণে বাসের নিচে যাত্রীরা চাপা পড়ে আছে।”

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাস স্ট্যান্ডে আসছিল। পথিমধ্যে বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপ দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তিনি বলেন, এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহত আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x