Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে হাওরের ফসল, দিশেহারা কৃষক

টানা বৃষ্টি ও উজানের ঢলে হাওরের সোনালী স্বপ্ন তলিয়ে যাচ্ছে পানির নিচে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাওরজুড়ে বাড়ছে জলাবদ্ধতা। একের পর এক ডুবে যাচ্ছে সোনালী ধানের ক্ষেত, বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। শুধু মানুষের খাদ্যই নয়, গবাদিপশুর সারা বছরের খাদ্য নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

দীর্ঘমেয়াদি সরকারি সহায়তা ছাড়া তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। কয়েক দিনের অবিরাম বর্ষণে হাওরের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কৃষকরা নৌকায় করে ধান কেটে বাড়িতে নিয়ে আসছেন। পরিবারে নারী-পুরুষ-শিশু সবাই ধান কাটা ও পরিবহনের কাজে যুক্ত হয়েছেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কাটা ধান শুকানো ও মাড়াই করতে পারছেন না তারা। হাওরের মাড়াই খলায় হাজার হাজার কৃষকের ধান পড়ে আছে।

শুধু খরচার হাওর নয়, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, মধ্যনগর, দিরাই ও শাল্লাসহ জেলার ১০টি উপজেলার লাখো কৃষক একই দুর্ভোগে পড়েছেন। জেলার দেখার হাওর, ছায়ার হাওর, নলুয়ার হাওর, শনির হাওর, টগার হাওর, গুরমার হাওর, ধানকুনিয়ার হাওর, পাগনার হাওরসহ ছোট-বড় ১৩৭টি হাওরের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

এদিকে সুরমা, কুশিয়ারা, ধনু, বৌলাই, চলতি, পাটলাই, মহাসিং, রক্তি ও যাদুকাটা নদীর পানি দ্রুত বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে কৃষকের শেষ ভরসা ধান।

কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদী-নালা-খাল-বিল নিয়মিত খনন না করায় হাওরের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়েছে। প্রতি বছর শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ফসল রক্ষা বাঁধও অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ছে। দীর্ঘদিন নদী খনন না করার ফলেই আজ এই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গতরাতে বৃষ্টি কিছুটা কম হওয়ায় পানি বৃদ্ধির হার কমেছে। তবে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, চলতি, খাসিয়ামারা ও পিয়াইনসহ বিভিন্ন নদীর পানি এখনও বিপৎসীমার প্রায় দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা পাহাড়ি ঢল এখনো অব্যাহত রয়েছে।

চলতি বছরে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫৩১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যার বড় একটি অংশ এখন হুমকির মুখে।

   

About

Popular Links

x