কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজাকে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারি কলেজে ব্যাপক উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ পরিদর্শন ও একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে একদল শিক্ষার্থীর বিক্ষোভের মুখে পড়েন তিনি।
মুফতি আমির হামজার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দাবি করা হয় যে, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে অবরুদ্ধ করে রেখেছেন। পেজের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্যের সৃষ্টি করে।
কলেজ সূত্র জানায়, সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সংসদ সদস্য আমির হামজা। তিনি টুর্নামেন্ট উদ্বোধন করতে গেলে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল যুবক মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি মাঠের ভেতরে প্রবেশ করেন, কিন্তু আন্দোলনকারীরা সেখানেও তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং মাঠের মধ্যে বসে পড়ে বাধা সৃষ্টি করেন। এ সময় কোনো উপায় না দেখে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে নিয়ে দ্রুত নিজের কার্যালয়ে চলে যান। বিক্ষোভকারীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে উত্তেজনা সৃষ্টি করে।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত কলেজ ক্যাম্পাসে পৌঁছায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, তিনি পুলিশ সদস্যদের নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে সংসদ সদস্যকে অধ্যক্ষের সাথে কথা বলতে দেখেন। তবে তিনি এমপিকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, পুলিশের উপস্থিতিতেই পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং এমপি কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
এই বিষয়ে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমীর মো. এনামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।



