Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে নির্মম নির্যাতন, শিক্ষক কারাগারে

মাদ্রাসাছাত্রকে বেত ও লোহার রড দিয়ে নির্যাতন করা হয়েছে

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০:২২ পিএম

পাবনার সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক মাদ্রাসাছাত্রকে বেত ও লোহার রড দিয়ে নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) আদালতের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক সোহানুর রহমান সোহান (২৫) কে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত সোহান পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামের জামিয়াতুস সুন্নাহ আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। নির্যাতনের শিকার মাহফুজুর রহমান (১৩) দিনাজপুর সদর উপজেলার গণির মোড় নতুনপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, সোমবার ও মঙ্গলবার দফায় দফায় মাহফুজুরকে চুরির অভিযোগ তুলে বেত ও লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে হেফাজতে নেয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, আহত শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষক দুজনকেই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার শিক্ষক সোহানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

   

About

Popular Links

x