Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার দুই সিটি কর্পোরেশনে হকার কার্ড বিতরণ বন্ধে লিগ্যাল নোটিশ

এতে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্ট রিট দায়ের করা হবে

আপডেট : ০৭ মে ২০২৬, ১০:০৬ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান অবৈধ দখলমুক্ত করা, হকার কার্ড বিতরণ বন্ধ এবং পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ এ নোটিশ পাঠান।

স্থানীয় সরকার সচিব, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে মধ্যে সন্তোষজনক ব্যবস্থা নেওয়া না হলে, সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুসারে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে:

১. বিতরণ করা বা প্রস্তাবিত সব জনস্বার্থবিরোধী ও বেআইনিভাবে বরাদ্দ করা ‘হকার কার্ড’ বাতিল করবেন।

২. ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সব রাস্তা, ফুটপাত ও পথচারী চলাচলের স্থান থেকে হকার, দোকান, টেবিল-চেয়ার, অস্থায়ী কাঠামো, পণ্যসামগ্রী ও অন্যান্য অবৈধ দখল সম্পূর্ণরূপে অপসারণ করবেন বা অপসারণ করার উদ্যোগ নেবেন।

৩. অবৈধ দখলকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সহযোগীদের তালিকা প্রস্তুত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

৪. ভবিষ্যতে পুনরায় দখল রোধে পৃথক মনিটরিং সেল বা টাস্কফোর্স গঠন করে নিয়মিত তদারকি নিশ্চিত করবেন।

৫. বিকল্প হকার জোন নির্ধারণের প্রয়োজন হলে তা অবশ্যই ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথের বাইরে, আইনসম্মত ও সুপরিকল্পিত স্থানে করবেন।

৬. গৃহীত পদক্ষেপসমূহের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে, যাতে নাগরিকগণ বাস্তব অগ্রগতি সম্পর্কে জানতে পারেন।

   

About

Popular Links

x