আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মে) সকালে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে শহরের কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত ‘টেগর লজে’ কবিগুরুর আবক্ষ প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণ ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর টেগর লজ প্রাঙ্গণে আলোচনা সভা ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করা হয়।
অন্যদিকে, কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালী উপজলার শিলাইদহে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠানমালা। দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এদিকে, কুঠিবাড়িতে রবীন্দ্রপ্রেমী দর্শনার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠে।
প্রসঙ্গত, জমিদারি দেখাশোনার জন্য ১৮৯১ সালে প্রথম এই কুঠিবাড়িতে আসেন রবীন্দ্রনাথ। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন তিনি। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার। এছাড়াও তিনি এখানে বসেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষণ করা আছে সেসব দিনের নানা স্মৃতি।



রবীন্দ্রজয়ন্তী ঘিরে শিলাইদহ কুঠিবাড়িতে উৎসবের আমেজ