সিলেট বিভাগে হামের সংক্রমণ দিনদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর বিভাগটিতে হামে ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
মারা যাওয়া দুই শিশু- হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ৯ মাস বয়সী ছেলে আকরামুল ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ৮ মাস বয়সী ছেলে সাইফান।
আকরামুল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আর সাইফান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো হাম হয়েছে এমন তথ্য নিশ্চিত না হওয়া গেলেও ১২২ জন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১৮ জন ভর্তি আছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।



