দেশের ১০ জেলার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ১০ জেলার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কবার্তার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসময় এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অথবা অস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এই পরিস্থিতির প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আপাতত দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।



