জামালপুরের মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলাকার মোহাম্মদ আলী এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকার ছেলে ইয়ামিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) সকালে মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় উঠানে খেলতে খেলতে বাড়ির পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা বিলের কিনারায় মোহাম্মদ আলীর মরদেহ দেখতে পায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শিশুটির মা লামিয়া আক্তার বলেন, “আমি রান্না করছিলাম, আর আমার ছেলে উঠানে খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করি। পরে জানতে পারি সে বিলে পড়ে মারা গেছে।”
এ ঘটনায় বকশীগঞ্জ থানাধীন পুলিশের তদন্ত ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার বেতাগাঁ এলাকায় সকালে পানিতে ডুবে মারা যায় দেড় বছরের শিশু ইয়ামিন। পরিবারের সদস্যরা জানান, ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় খেলতে খেলতে বাড়ির উঠানে জমে থাকা পানির একটি গর্তে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইয়ামিনের বাবা জাহিদুল ইসলাম বলেন, “আমার স্ত্রী রান্না করছিল আর ছেলে উঠানে খেলছিল। কিছুক্ষণ পর দেখি সে উঠানের পানিভর্তি গর্তে পড়ে আছে। দ্রুত হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।“



