Saturday, August 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টা পরই বিদ্যুৎস্পৃষ্টে বর নিহত

একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বৌভাতের অনুষ্ঠান আয়োজনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নবদম্পতির বরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ আগষ্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায়।

নিহতের নাম আহমেদ আনাস বাপ্পি (২২) তিনি ওই এলাকার বাসিন্দা। প্রায় দুই মাস আগে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি এলাকার সাইরা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা শেষে বাপ্পি নববধূকে নিয়ে বাড়ি ফেরেন। শুক্রবার ছিল তাদের বৌভাতের দিন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৌভাত উপলক্ষে বাড়িতে অতিথিদের আপ্যায়নের জন্য প্যান্ডেল খাবারের ব্যবস্থা করার কাজ রাত পর্যন্ত চলছিল। বাপ্পি নিজেও সেখানে উপস্থিত থেকে সবকিছু তদারকি করছিলেন। এরই মধ্যে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন জানান, এই দুর্ঘটনায় পরিবারের সব আনন্দ-উৎসব মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেন।

   

About

Popular Links

x